১ যুগ পর বিশ্বকাপের মূল মঞ্চের খুব কাছে ইতালি

গোল করার পর উচ্ছ্বাস
গোল করার পর উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে আর ১ ম্যাচ দূরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। প্লে অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বসনিয়া এন্ড হারজেগোভিনা, ডেনমার্ক, কসোভো , পোল্যান্ড ও তুরস্ক।

প্রথমার্ধে ছিলো হতাশা, গ্যালারি ভরা দুয়োধ্বনি। কিন্তু বিরতির পর বদলে যায় পুরো দৃশ্যপট, জেগে ওঠে ইতালি।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরুর ৪৫ মিনিটে বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে ছিলো না ধার। গোলমুখে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইতালি। উল্টো দর্শকদের দুয়োধ্বনিই সঙ্গী হয়ে মাঠ ছাড়তে হয় খেলোয়াড়দের।

আরও পড়ুন:

তবে দ্বিতীয়ার্ধে যেন নতুন ইতালি। ৫৩ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ডানদিক থেকে পলিতানোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি প্রতিপক্ষ। বক্সের সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন সান্দ্রো টোনালি।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালি। শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন ময়জে কিন। ৮০ মিনিটে টোনালির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি।

২-০ গোলের জয় আর বিশ্বকাপে ফেরার স্বপ্ন এখনো জিইয়ে রাখল ইতালি। এখন তাদের সামনে শেষ বাধা বসনিয়া অ্যান্ড হারজে গোভিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর ওয়েলসকে পেনাল্টিতে ৪-২ হারিয়ে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা।

অন্য ম্যাচগুলোতেও ছিলো উত্তেজনা। পোল্যান্ড ২-১ গোলে হারিয়েছে আলবেনিয়াকে, ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইডেন।

আর ডেনমার্ক পেয়েছে বড় জয়, কসোভো ও তুরস্কও এগিয়েছে নিজেদের লড়াইয়ে। সব মিলিয়ে ইউরোপিয়ান প্লে-অফ এখন চরম উত্তেজনায়, একটি ভুল, আর বিশ্বকাপের স্বপ্ন শেষ!

জেআর