যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে এ যেন এক টুকরো ব্রাজিল ফুটবলের আবহ। গ্যালারির ৬৬ হাজার দর্শকের বেশিরভাগই হলুদ জার্সিতে সমর্থন ব্রাজিলের পক্ষেই। কিন্তু মাঠের গল্পটা লিখেছেন কিলিয়ান এমবাপ্পে।
হাঁটুর চোট কাটিয়ে দারুণ প্রত্যাবর্তন এ ফরাসি তারকার। ম্যাচের ৩২ মিনিটে ওসমান ডেম্বেলের এর নিখুঁত থ্রু বল ধরে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে। চোটের পর জাতীয় দলে ফিরেই গোল করে ফ্রান্স এগিয়ে দেন ১-০তে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে নাটকীয়তা তুঙ্গে। ৫৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডায়োত উপামেকানো। ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবুও দমে যায়নি দিদিয়ের দেশমের এর শিষ্যরা। ৬৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুগো একিটিকে ।
আরও পড়ুন:
এরপর মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ৭৮ মিনিটে হেডে ব্যবধান ২-১ করেন ব্রেমের। শেষ সময় পর্যন্ত চাপ ধরে রাখলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা। ফলাফল ১০ জন নিয়েও ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ফ্রান্স।
বিশ্বকাপের আগে এ জয় ফ্রান্সকে দিচ্ছে বড় আত্মবিশ্বাস। আর ব্রাজিল হারলেও কার্লো আনচেলত্তির শিষ্যরা পেল নিজেদের ভুল শোধরানোর স্পষ্ট বার্তা।





