সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবার জাতীয় স্টেডিয়ামে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচকে বিশেষ করে তোলে প্রধানমন্ত্রীর আগমন। সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
লাল-সবুজ দুই দলে বিভক্তি হয়ে খেলায় অংশ নেয়া সাবেক জাতীয় ফুটবলারদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। এরপর ডাগআউটে বসেই উপভোগ করেন আমিনুল হক-আলফাজ আহমেদদের খেলা।
ম্যাচশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, ফুটবলের উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নতুন কুঁড়ি নামে প্রতিযোগিতার মাধ্যমে মেধা অন্বেষণ করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা বাংলাদেশের ক্রিয়া জগতকে দল-মত নির্বিশেষে সুন্দর করে গড়ে তুলি। এ ক্রীড়া দেশের জন্য সম্মান এনে দিতে পারে।’
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবেগে আপ্লুত হন সাবেক ফুটবলাররা
সাবেক ফুটবলাররা জানান, প্রধানমন্ত্রীর আগমনে তারা খুশি। উনি এখানে এসে খেলা উপভোগ করেছেন। সামনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া জগত আরও এগিয়ে যাবে।
ক্রীড়ামোদী সরকারের প্রধানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।





