দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফ চ্যাম্পিয়নশিপে সাম্প্রতিক পারফরম্যান্সে চোখে পড়ার মতো উন্নতি এবার কি তবে শিরোপার স্বপ্ন ছোঁয়ার সময়?
সাত দলের অংশগ্রহণে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। গ্রুপ ‘এ’ তে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে তিন পরাশক্তি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
গত কয়েক আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এ পর্যন্ত ৮ বারের অংশগ্রহণ করে ২০২৪ সালে শিরোপা জেতে লাল-সবুজরা। এর আগে চারবার রানার্স আপ ও একবার সেমিফাইনালে ওঠে যুবারা। আক্রমণভাগে গতি আর ডিফেন্সে শৃঙ্খলা সব মিলিয়ে দলটি এখন অনেক বেশি পরিপক্ব। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও উইং প্লে বাংলাদেশের বড় শক্তি।
আরও পড়ুন:
খেলোয়াড়দের মধ্যে একজন বলেন, ‘আজকে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি। অভার-অল সবকিছু ঠিকঠাক আছে। আমরা সবাই ম্যাচের জন্য প্রস্তুত আছি। সবার ভেতর একটা জেদ কাজ করছে। প্রথম ম্যাচ আমাদের খুবই ইম্পরট্যান্ট। ইনশা আল্লাহ, আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো।’
২০২৬ সালের আসর সামনে রেখে এবার প্রস্তুতিও জোরদার করেছে বাফুফে। নতুন বিদেশি কোচ মার্ক কক্স , প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি সব মিলিয়ে দল আরও শক্তিশালী হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে ভারত ও পাকিস্তান সবসময়ই চ্যালেঞ্জিং। তবুও বর্তমান ফর্ম, টিম কম্বিনেশন এবং আত্মবিশ্বাস বিবেচনায় বাংলাদেশ এবার সত্যিকারের শিরোপা দাবিদার।
এবার কি ইতিহাস গড়বে লাল-সবুজের তরুণরা? উত্তর মিলবে মাঠেই।





