চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ম্যান সিটির বিপক্ষে দারুণ এক জয় পেলো রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচেই ম্যান সিটির উপর ছড়ি ঘোরায় লস ব্লাঙ্কোস।
ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক দোন্নারুম্মার ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন ভালভের্দে। মাত্র সাত মিনিট পর আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্রাহিম দিয়াসের বাড়ানো বল থেকে দারুণ ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এ মিডফিল্ডার।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৫৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। তার শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল রিয়াল। অন্যদিকে হলান্ড-সিলভারা তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। ৩-০ গোলের বড় জয় নিয়ে এগিয়ে থাকলেও দুই লেগের এই লড়াই এখনও শেষ হয়নি। আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে ম্যানচেস্টার সিটির সামনে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গোল উৎসবের ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ১০ মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ২৮ মিনিটে মালো গুস্তোর গোলে সমতা ফেরায় চেলসি। প্রথমার্ধের শেষ দিকে উসমান দেম্বেলের দারুণ গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে এন্সো ফের্নান্দেস গোল করে আবার ম্যাচে সমতা আনেন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় পিএসজি। ভিতিনিয়ার গোলে তৃতীয়বার এগিয়ে যায় তারা। শেষ দিকে বদলি নেমে জোড়া গোল করেন কাভারাৎস্খেলিয়া। তাতেই ৫-২ গোলের বড় জয় নিয়ে প্রথম লেগ শেষ করে পিএসজি।
অন্য ম্যাচে চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারিয়ে স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে দলটি।





