ফুটবলারদের নিয়ে পরিকল্পনার কথা জানালেন বাফুফে সহ-সভাপতি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল | ছবি: এখন টিভি
0

দক্ষিণ এশিয়ার তরুণ ফুটবলারদের লড়াইয়ের মঞ্চ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। তরুণ ফুটবলারদের নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি।

২৩ মার্চ শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট। এ আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকায় ৫ দিনের ক্যাম্প, নতুন কোচের দায়িত্ব গ্রহণ ও প্রবাসী ফুটবলারদের অংশ গ্রহণে সাফ জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজ বাহিনী।

১৫ মার্চ থেকে ঢাকায় শুরু হবে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প। দেশের বিভিন্ন জায়গা থেকে ডাকা ফুটবলাররা এ ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ করে ২১ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।

বাফুফের সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি বলেন, ‘জাতীয় দলে সঙ্গে তারা একই হোটেলে থাকে। যাতে একটা ভালো কমিউনিকেশন ও প্রস্তুতিটা ভালো হয়। আমরা চেষ্টা করছি আমাদের জাতীয় দল অথবা প্রিমিয়ার লীগের টপ দলেগুলোর সঙ্গে কয়েকটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করার।’

আরও পড়ুন:

টুর্নামেন্টকে সামনে রেখে কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। এক মাসের জন্য দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ইংলিশ কোচ মার্ক কক্সকে। তরুণদের নিয়ে স্বল্প সময়ের এ প্রস্তুতিতে দলের কৌশল ও পরিকল্পনা সাজাবেন তিনি।

বাফুফের সহ-সভাপতি বলেন, ‘কোচ হিসেবে আমরা নতুন নিয়োগ দিয়েছি। এক মাসের একটা চুক্তি ভিত্তিক নিয়োগ। খুব ভালো একটা কোচিং ব্যাগ্রাউন্ড রয়েছে এবং প্রো-লাইসেন্স রয়েছে। তাছাড়া ম্যানইউসহ ইংল্যান্ডের অনেক দলের কোচিং করানোর তার অভিজ্ঞতাও রয়েছে।’

এদিকে বাংলাদেশ দলে খেলার আগ্রহ দেখিয়েছেন ছয়জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। বাফুফে জানিয়েছে, যারা ১৪ মার্চের মধ্যে দেশে এসে ক্যাম্পে যোগ দেবেন, তাদেরই দলের সঙ্গে যুক্ত করা হবে।

এরই মধ্যে চারজন প্রবাসী ফুটবলারের দেশে আসা প্রায় নিশ্চিত করেছে বাফুফে। তারা হলেন; ইব্রাহিম নাওয়াজ, শুশ্রত মন্ডল, ডেকলন সলেভান এবং আমির সলেভান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের টিম ম্যানেজার সামিদ কাসেম বলেন, ‘ইব্রাহিম নাওয়াজ, শুশ্রত মন্ডল, ডেকলন সলেভানসহ আরও কয়েকজন আসবে।’

অন্যদিকে দীর্ঘদিন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা কোচ গোলাম রাব্বানী ছোটনকে এবার যুক্ত করা হবে বাফুফের বিভিন্ন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রজেক্টে। সব মিলিয়ে নতুন কোচ, প্রবাসী ফুটবলার এবং তরুণ প্রতিভাদের নিয়ে সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে ভালো কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

জেআর