ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে মেসি, পেলেন সংবর্ধনা

মেসিকে সংবর্ধনা দিচ্ছে ট্রাম্প
মেসিকে সংবর্ধনা দিচ্ছে ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

হোয়াইট হাউজে সংবর্ধনা পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর ও তার দল ইন্টার মায়ামিকে সংবর্ধনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে অনাগ্রহীই থাকেন এলএমটেন তবে এবার উপেক্ষা করতে পারেননি ট্রাম্পের আমন্ত্রণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবর্ধনা দিয়েছেন এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জিতে নেয় ইন্টার মায়ামি। সেই জয়ের স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনার আয়োজন। অনুষ্ঠানে ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির বড় ভক্ত। তিনি মেসিকে একজন ‘জেন্টলম্যান’ বলেও উল্লেখ করেন।

তবে কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প যখন নিজের পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করছিলেন, তখন মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখায়। যদিও তিনি কেবল মৃদু হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন:

মজার ছলে ট্রাম্প উপস্থিতদের কাছে জানতে চান কে সেরা, মেসি না পেলে? উপস্থিত সবাই একসঙ্গে ‘মেসি’ বলে চিৎকার করলে ট্রাম্পও তাতে সম্মতি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো, স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তবে দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম স্ত্রীর ফ্যাশন শোর কারণে ইউরোপে থাকায় উপস্থিত থাকতে পারেননি।

মায়ামি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি এবং একটি সই করা ফুটবল উপহার দেয়া হয়।

এটি ছিলো লিওনেল মেসির প্রথম হোয়াইট হাউস সফর। সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে আমেরিকায় ফুটবলের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এফএস