দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, ফিরছেন তানজিদ-মুশফিক

দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে বাংলাদেশ
দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে বাংলাদেশ | ছবি: সংগৃহীত
0

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল (শনিবার, ২১ আগস্ট) সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তানজিদ তামিম, সুস্থ আছেন মুশফিকুর রহিমও। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠাণ্ডা ও বাতাস বেশি থাকায় উইকেটে থাকতে পারে অতিরিক্ত বাউন্সও।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সিরিজের শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। তবে অল্পতেই আর তুষ্ট থাকতে চায় না টাইগাররা। মাইটি অজিদের ডেরায় শেষটাও রাঙাতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার ভোরে ম্যাকাইয়ে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগের দিন অনুশীলনে তাই বাড়তি মনযোগ টাইগারদের। রানিং, ড্রিলিং শেষে নেটে ব্যাটিং, বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন হাসান-মিরাজরা। লিটন, শরিফুলরা ফুল ফিট থাকায় আরও আত্মবিশাসী এখন টাইগাররা। তামিম-মুশফিকের চোট নিয়ে যে শঙ্কা ছিলো তা ক্রমশই কেটে যাচ্ছে বলে জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারব।’

ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠাণ্ডা ও বাতাস দুইটাই বেশি। উইকেটে তাই থাকতে পারে অতিরিক্ত বাউন্সও। সেক্ষেত্রে কি পাঁচ পেসার খেলাবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক জানান, ম্যাচের দিন সকালেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেটটা তো দেখে ভালো মনে হয়েছে। অবশ্যই আমরা যে প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিলো। আমাদের যে পাঁচটা পেস বোলার স্কোয়াড আছে, সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো আমাদের দুইটা স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বল করে। তাই আমার মনে হয় যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যে ডিসিশনটা নিলে ভালো হবে, ওইটাই আমরা নিব।’

টেস্টে এখন পর্যন্ত সাত বার মুখোমুখি হয়েছে দুইদল। অস্ট্রেলিয়া ৫ বার জিতলেও টাইগাররা জিতেছে মাত্র দুইবার। তবে অজিদের ঘরে-বাইরে দুইখানেই হারানোর সুখস্মৃতি থাকা বাংলাদেশ দল এখন বেশ নির্ভার। আরও একবার ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নামবে টাইগাররা।

জেআর