টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও নিয়মিত হতে চান সাইফউদ্দিন

বাংলাদেশ এ দল অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন
বাংলাদেশ এ দল অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মোহাম্মদ সাইফউদ্দিন এবার স্থায়ী হতে চান ওয়ানডে দলেও। ২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সঙ্গে সফরের আগে জানালেন, আগেভাগেই কন্ডিশন আর উইকেটের সঙ্গে পরিচিত হতে চান তিনি।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্ট খেলার প্রস্তুতিও শুরু করে ফেলেছে বাংলাদেশ। তবে মাইটি অজিদের ডেরায় তাদের পূর্ণশক্তির দলকে নাকানিচুবানি খাওয়ানোর সুখস্মৃতি যেন এখনো অমলিন।

সেই পালেই এবার হাওয়া দিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) শেরে ই বাংলায় ‘এ’ দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ টাইগার অলরাউন্ডার জানান, শান্তদের নিয়ে গর্বিত তিনি।

বাংলাদেশ এ দল অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন বলেন, ‘সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট দুই-তিন দিন ধরে যদি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছিলেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়।’

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার উইকেট, কন্ডিশন সম্বন্ধে তাই আগেভাগেই ধারণা নিয়ে নিজেকে তৈরি করতে চান সাইফউদ্দিন।

মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনটা সহজ হবে না। যেহেতু আমাদের এখানে ইমার্জিং দল খেলছে ওখানে, ফোর ডে টিম ওখানে গিয়ে খেলবে আগে। তারপরও কন্ডিশন দেখে আরও সময় পাব নিজেকে প্রিপেয়ার্ড করার।’

জাতীয় দল ও ‘এ’ দলের পাশাপাশি এইচপি, ইমার্জিং টিমসহ বিভিন্ন প্রোগ্রামে খেলোয়াড়রা সেনা দেশগুলোতে খেলছেন। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো দেশে পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তাও দলে অনেক। তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেতে নিজের দুর্বলতা নিয়েও কাজ করছেন সাইফউদ্দিন।

মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘আপনারা যদি আমার রিসেন্ট যতগুলো ম্যাচ আমি সুযোগ পেয়েছি, খুব একটা খারাপ করি নাই। হয়তোবা, ভালো তো শেষ নেই, ভালো আরও করা যায়। তো সেই লক্ষ্যে কাজ করছি। যেহেতু এখনো আমাদের অফিশিয়ালি ‘এ’ টিমের প্র্যাকটিস অফ ডে, কালকে বা পরশুদিন শুরু হবে, তারপরও আমি পার্সোনালি এসে কাজ করছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচের পর দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে দলে থাকা সাইফউদ্দিন-জাকের আলীরা।

জেআর