স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে মিরাজের আঘাত; জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

উইকেট নেয়ার পর মিরাজের উল্লাস
উইকেট নেয়ার পর মিরাজের উল্লাস | ছবি: সংগৃহীত
0

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের দারুণ সুবাস পাচ্ছে বাংলাদেশ। তবে ঐতিহাসিক এ জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়েও পা মাটিতেই রাখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিন শেষের সংবাদ সম্মেলনে তিনি জানান, তাড়াহুড়ো না করে চতুর্থ দিনে সঠিক জায়গায় বল করে জয় ছিনিয়ে আনাই এখন টাইগারদের মূল লক্ষ্য।

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের নতুন অধ্যায় লেখার পথে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে স্বাগতিকদের ১ম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে ৪২৬ রানের বিশাল রান পাহাড় গড়ে টাইগাররা। তানজিদ হাসানের সেঞ্চুরির পাশাপাশি শেষ দিকে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ২২৮ রানের লিড পায় দল।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ৬৭ রানে। জয়ের সুবাস পেলেও সংবাদ সম্মেলনে আত্মতুষ্টিতে না ভুগে সতর্ক থাকার কথাই জানালেন অলরাউন্ডার মিরাজ।

মিরাজ বলেন, ‘দেখেন আমরা তো চাইবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনো খেলার দুই দিন বাকি আছে। আমাদের জন্য খুবই ইম্পরট্যান্ট যে এখান থেকে তিনটা উইকেট বের করা। কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে।’

প্রথম ইনিংসে ভালো ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতেও বাংলাদেশকে পথ দেখাচ্ছেন মিরাজ। অজিদের অন্যতম ভরসা স্টিভ স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে এনে দেন উল্লাস। স্মিথের উইকেট নিয়ে অনুভূতির কথাও জানালেন এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘এটি আমার জন্য একটি অসাধারণ মুহূর্ত ছিলো। সে একজন বিশ্বসেরা ব্যাটসম্যান। আমি উইকেট পেলে তা আমার জন্য অত্যন্ত আনন্দের হবে।’

অস্ট্রেলিয়ার সামনে এখন টেস্ট বাঁচানোর লড়াই, আর বাংলাদেশের সামনে অজি শিবিরের দ্রুত ধস নামিয়ে ইতিহাস গড়ার হাতছানি। চতুর্থ দিনের সকালেই নির্ধারণ হতে পারে এই ঐতিহাসিক ডারউইন টেস্টের ভাগ্য।

ইএ