গত এপ্রিলে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একাই ৮ উইকেট শিকার করেন নাহিদ রানা। মূলত এই পারফরম্যান্সই তাকে আইসিসির এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির দৌড়ে এগিয়ে দিয়েছে।
এপ্রিলের আগে ও পরেও বল হাতে আগুনের গোলা ছুটিয়েছেন এই পেসার। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে তিনি নিয়েছিলেন ৮ উইকেট। এরপর সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
আরও পড়ুন
আইসিসির মাসসেরা পুরস্কার জিতে উচ্ছ্বসিত নাহিদ রানা বলেন, ‘নিউ জিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে করা এই সিরিজটি আমি সব সময় মনে রাখব।’
নিউজিল্যান্ড সিরিজের শুরুটা অবশ্য আশানুরূপ ছিল না রানার জন্য। প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ান তিনি, ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো দেখা পান ৫ উইকেটের। সিরিজের শেষ ম্যাচে নেন ২ উইকেট এবং সিরিজ সেরার পুরস্কারও বগলদাবাই করেন তিনি।
বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (২ বার) ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নাহিদ রানা। সর্বশেষ গত বছরের এপ্রিলে এই পুরস্কার জিতেছিলেন মিরাজ। এক বছর পর আবারও কোনো বাংলাদেশির হাতে উঠল আইসিসির এই মাসসেরার ট্রফি।
এদিকে, নারীদের বিভাগে মাসসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।





