ওয়ানডে হতাশা ভুলে টি-টোয়েন্টি মিশনে বাঘিনীরা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অধিনায়ক চামারি আতাপাত্তু
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অধিনায়ক চামারি আতাপাত্তু | ছবি: এখন টিভি
0

ওয়ানডে সিরিজের হতাশা ভুলে সিলেটের সবুজ মাঠে আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলার বাঘিনীরা। বিশ্বকাপকে সামনে রেখে এ সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে দুই দলই। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতেও ভালো করতে চায় শ্রীলঙ্কা। অন্যদিকে পরিসংখ্যানের দিকে না তাকিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সিলেটে বৃষ্টির শঙ্কা বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মঙ্গলবার থেকে সিলেটে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু জানান দুটি নতুন মুখ নিয়ে সিরিজে নামছে তার দল। বাংলাদেশকে সমীহ করলেও এই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘আমাদের ম্যাচ জয়ের জন্য একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের সঙ্গে ভালো একটি সিরিজ হবে আশাকরি। আর আমাদের খেলোয়াড়রা আশাকরছি ভালো ক্রিকেট খেলবে এখানে।’

আরও পড়ুন:

চলতি বছর নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ টি২০ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে এ সিরিজকে প্রস্তুতি নেয়ার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের আগে নিজের মাঠে কোনো সিরিজ খেলা এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঠিকভাবে নেয়ার জন্য।’

ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরে টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক।

নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি মনে করি তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো ১৯-২০। দল হিসেবে আমরা অনেক বেশি ভুল করি তাই আমাদের জয় অনেক কম। এরবাহিরে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কম।’

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে ৩০ এপ্রিল এবং সিরিজের শেষ ম্যাচ ২ মে মুখোমুখি হবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় শুরু হবে।

জেআর