আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে ঘিরে মাঠের লড়াইয়ে দাপট দেখাতে প্রস্তুত হচ্ছেন লিটন-শান্তরা। অন্যদিকে দায়িত্ব নিয়েই যেন বিসিবিতে ছক্কা হাঁকাচ্ছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির তৃতীয় দিনের মধ্যেই বিদ্রোহী ক্লাবগুলোকে রাজি করিয়ে ফেলেছেন নতুন বোর্ড সভাপতি।
১২ দল নিয়েই আয়োজিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে সুপার লিগ নয় এবারের টুর্নামেন্ট আয়োজিত হবে সিঙ্গেল লিগে। সোমবার (১৩ এপ্রিল) আসতে পারে আনুষ্ঠানিক দলবদলের তারিখের ঘোষণা।
মোহামেডান স্পোটিং ক্লাবের প্রতিনিধি জিয়াউল রহমান তপু বলেন, ‘বোর্ড সভাপতি আমাদের সঙ্গে মিটিং করেছে। দলবদলের জন্য আগামী সোমবার জানাবে বলা হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে প্রস্তুতি নেয়ার জন্য।’
আরও পড়ুন:
এছাড়া একই দিনে জার্সি উন্মোচন হয়েছে স্কুল ক্রিকেটের ১১তম আসরের। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) মাঠে গড়িয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসর। যেখানে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের ৮ হাজার ৭০০ ক্রিকেটার, ম্যাচ হবে মোট ৬৫১টি। স্কুল ক্রিকেট থেকেই বেড়ে উঠেছেন শান্ত-তাওহীদদের মতো সুপারস্টাররা। তারাও চান যেন আরও অগ্রসর হয় স্কুল ক্রিকেট।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, ‘এ টুর্নামেন্টটা কত বড়ভাবে করা যায়। আর কত ভালোভাবে করা যায়। যদি সব রকমের সুযোগ-সুবিধা দেয়া যায় তাহলে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।’
বাংলাদেশ দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় বলেন, ‘আমি সবসময় স্কুল ক্রিকেট ফলো করি। আমার স্কুল ও একবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এটা এমন একটা টুর্নামেন্ট যেখান থেকে অনেক খেলোয়াড়রা উঠে আসে আর ভবিষ্যতেও উঠে আসবে। আমি চাই টুর্নামেন্টটা বর্ষার সময় না হয়ে অন্য সময় হলে ভালো হয়।’
তামিম অ্যাডহক কমিটির সভাপতি হয়ে আসার পর একে একে কেটে যাচ্ছে দেশের ক্রিকেটের অনেক অস্থিরতা। তিনি তিন মাসে ক্রিকেটের উন্নতির গ্রাফটা কত উঁচুতে তুলতে পারেন—সেটিই এখন দেখার বিষয়।





