বিসিবির কমিটি ভেঙে দিতে আইসিসিকে মেইল; তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির প্রস্তাব

বিসিবির কমিটির বৈঠক, তামিম ইকবাল
বিসিবির কমিটির বৈঠক, তামিম ইকবাল | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত কমিটি। এ প্রেক্ষাপটে বর্তমান কমিটি ভেঙে দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে মেইল পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে; যা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি জানায়, বিসিবির সর্বশেষ নির্বাচনে একাধিক অনিয়ম ও গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাদের দাবি, কাউন্সিলরদের নাম পাঠানোর সময়সীমা কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাড়ানো হয় এবং এতে উদ্দেশ্যপ্রণোদিত প্রভাব ছিলো।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর নির্বাচনে চাপ প্রয়োগ করা হয়েছে। এতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ছিলো বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে নির্বাচনে প্রভাব খাটাতে অ্যাডহক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

ই-ভোটিং প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিটির ভাষ্য, নির্দিষ্ট স্থানে ভোটারদের এনে ভোট দিতে বাধ্য করা হয় এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়, যা স্বাধীন ও গোপন ভোটের নীতির পরিপন্থি।

আরও পড়ুন:

বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিইও নিজামুদ্দিন চৌধুরীর বক্তব্যেও ‘অসঙ্গতি’ রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া সাবেক ক্রিকেটারদের কাউন্সিলরশিপ দেয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠে এসেছে।

তদন্ত কমিটি জানায়, বিসিবি নির্বাচন বিধিমালা-২০২৫ ‘অসম্পূর্ণ ও দুর্বল’ হওয়ায় তা অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। এ পরিস্থিতিতে বিসিবির সংবিধান সংস্কার, সভাপতি ও কর্মকর্তাদের দায়িত্ব সুস্পষ্ট করা এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

এনএসসি জানিয়েছে, এসব অনিয়মের প্রেক্ষিতে আইসিসিকে চিঠি দিয়ে বর্তমান কমিটি ভেঙে দেয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে; যারা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন—তামিম ইকবাল (কমিটির প্রধান) ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম, ইস্রাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিন চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় গত রোববার। এর দুই দিন পর ব‍্যবস্থা নিলো জাতীয় ক্রীড়া পরিষদ।

এনএইচ