২০২৫ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এনামুল হক বিজয়সহ ৯ ক্রিকেটারের নাম বাদ দেয়া হয় শেষ আসরের নিলাম থেকে। এ নিয়ে তখন আলোচনা কম হয়নি। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও শেষমেশ বিপিএলের ১২ তম আসরটি আর খেলা হয়নি বিজয়ের।
সময় গড়িয়েছে। তবে এখনও সেই অভিযোগের তদন্ত রিপোর্ট আসেনি। বিজয়কেও পরিপূর্ণভাবে দোষী হিসেবে প্রমাণ করতে পারেনি বিসিবির দুর্নীতি দমন কমিশন। বিজয়ের দাবি, অপরাধ না করলে তার প্রমাণ কীভাবে জোগাড় করবে বিসিবি। তাই হারানো সম্মান ফেরত চেয়ে মাঠের খেলায় ফেরার ইচ্ছা পোষণ করেছেন বিজয়।
বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয় বলেন, ‘কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য ১ থেকে ২ মাস যথেষ্ট বের করার জন্য। দুই বছর কারও ব্যাপারে কিছু করতে পারছে না, তার মানে কোনো কিছু করেনি সে। যদি বোঝা যেত ওপেনলিই বোঝা যেত। আর তখন আমি এভাবে কনফিডেন্টলি বলতে পারতাম না।’
আরও পড়ুন:
২০২৫ বিপিএলের পারিশ্রমিকও পুরোপুরি পাননি বিজয়। বিসিবির কাছে সেই অর্থও পরিশোধ করার আকুতি জানান জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার।
বিজয় বলেন, ‘আগের বছর যে পেমেন্ট ইস্যু ছিলো, আমার পারিশ্রমিক এখন পর্যন্ত পাইনি। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করার পরেও ফল পাইনি।’
বিজয়ের দাবি তিনি কোনো অন্যায় করেননি। অপরাধ না করেই শাস্তি ভোগ করতে হচ্ছে তাকে। যদি এমনটাই হয় বিসিবি তাকে ঝুলিয়ে রাখছে তাহলে ক্রিকেট থেকে বিদায় নেয়ারও ইঙ্গিত দেন এনামুল বিজয়।
তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলবো না, আমার কোনো দরকার নেই। আর আপনারা আমাকের যে ডিজরেসপেক্ট দিয়েছেন গত এক বছরে সেটি এনাফ একজন মানুষের জন্য।’





