রাজনৈতিক দ্বৈরথের কারণে ২০০৯ সাল থেকেই ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের মঞ্চে অনুপস্থিত পাকিস্তানের তারকারা। বিশ্বের অন্যান্য লিগেও আইপিএল মালিকানাধীন দলে নেই ম্যান ইন গ্রিনদের উপস্থিতি। এবার একই পরিস্থিতি হতে পারে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেডে’।
চলতি আসর থেকেই ‘দ্য হান্ড্রেডের’ ৪টি দল চলবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধীনে। ‘ম্যানচেস্টার সুপার জায়ান্টস’ খেলবে ‘চেন্নাই সুপার কিংসের’ মালিকানায়। ‘এমআই লন্ডনের’ মালিকানা ‘মুম্বাই ইন্ডিয়ান্সের’, ‘সানরাইজার্স লিডস’ খেলবে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানায় এবং ‘সাউদার্ন ব্রেভসের’ মালিকানায় থাকবে ভারতের ‘দিল্লি ক্যাপিটালস’।
আরও পড়ুন:
আর এ চার দলেই বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা লিগের এজেন্টদের এ বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। তাতে বলা হয়েছে, আইপিএলের সেই অলিখিত নিয়ম চালু হতে পারে দ্য হান্ড্রেডেও।
যদিও এর আগে নিয়মিতই এ লিগে অংশ নিতেন মোহাম্মাদ আমির, ইমাদ ওয়াসিমরা। তবে ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলোর আগমনে এবার হুমকির মুখে তাদের অংশগ্রহণ।
আইপিএল মালিকানার কারণে এরই মাঝে সিপিএল, এসএ টোয়েন্টি কিংবা আইএল টি-টোয়েন্টিতে নেই পাকিস্তানের ক্রিকেটাররা। এবার দ্য হান্ড্রেডের দরজা বন্ধ হলে আরও সংকুচিত হবে তাদের বাইরের লিগে খেলার সুযোগ।





