Recent event

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের

মাহমুদুল্লাহ রিয়াদ | এখন টিভি
0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বুধবার, ১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পাকাপোক্তভাবেই জানিয়ে দিলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

২০০৭ সালের জুলাইতে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর পেরিয়ে গেছে প্রায় দীর্ঘ ১৮ বছর। অবশেষে পথচলার ইতি টানলেন এই অভিজ্ঞ ব্যাটার। অনাড়ম্বরভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন।

ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লিখেন, 'সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।'

|এখন টিভি

মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্ট।

তিনি বলেন, 'আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ। যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে পাশে ছিলেন। পরিশেষে, আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে অনেক মিস করবে।'

মাহমুদউল্লাহ লিখেছেন, 'সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।'

এসএস