ফুটবল বিশ্বকাপের ট্রফি বিশ্বের কোটি কোটি মানুষের কাছে গৌরব আর স্বপ্নের প্রতীক। সেই ট্রফিকেই এবার নতুন এক রূপ দিলেন দুবাইয়ের এক জুয়েলারি ব্যবসায়ী। ছেলের তৈরি একটি লেগো বিশ্বকাপ ট্রফি পরিণত হয়েছে হীরা আর সোনায় মোড়ানো অনন্য শিল্পকর্মে।
দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ী হেমন্ত কারামচাঁদানির এই ব্যতিক্রমী সৃষ্টির মূল্য প্রায় ৩ লাখ দিরহাম। বাংলাদেশি অর্থে যেটি কোটি টাকারও বেশি। ট্রফিটিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৯০০টি হীরার টুকরো, যা বসানো হয়েছে ১৮ ক্যারেট সোনার ওপর।
কারামচাঁদানি জানান, পুরো কাজটি শেষ করতে তার সময় লেগেছে ৩৫ দিন। শুরুতে তিনি শুধু ট্রফির নামফলকে হীরা বসানোর পরিকল্পনা করেছিলেন। তবে পরে ধীরে ধীরে পুরো নকশাতেই যোগ করেন হীরার ছোঁয়া।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমি চাই তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুরা এটি দেখে অনুপ্রাণিত হোক। তাই আমরা এটি বিক্রি করতে চাই না। আমি চাইনি এটিকে শুধু হীরায় ভরে ফেলতে। আমি চেয়েছি বিশ্বকাপ ট্রফির মূল অবয়ব এবং অনুভূতিটা বজায় থাকুক।’
তবে চাইলে ট্রফিটিকে আরও অনেক বেশি দামী করা যেত বলেও জানান এই জুয়েলার। কিন্তু তিনি সেটি করেননি। কারণ তার লক্ষ্য ছিল ট্রফির আসল সৌন্দর্য এবং পরিচিত রূপ অক্ষুণ্ণ রাখা।
ভবিষ্যতে এই বিশেষ ট্রফিটি দাতব্য কাজে ব্যবহৃত হতে পারে। আবার জায়গা করে নিতে পারে দুবাইয়ের বিখ্যাত মিউজিয়াম অব দ্য ফিউচারেও।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে যখন বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে, তখন মাঠের বাইরেও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে হীরা খচিত এই ব্যতিক্রমী বিশ্বকাপ ট্রফি।




