মেসির জন্মদিন ঘিরে উৎসবমুখর আর্জেন্টিনা শিবির

মেসির জন্মদিন উদযাপন
মেসির জন্মদিন উদযাপন | ছবি : সংগৃহীত
0

সতীর্থদের সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশেই নিজের ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মাঝে হওয়ায় কানসাস সিটিতে অবস্থিত দলের ক্যাম্পেই কেক কেটে জন্মদিন পালন করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিশেষ দিনের সুযোগে অনুশীলনে কোনো ফাঁকি দেননি মেসি, বরং পূর্ণোদ্দমে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।

ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছেন, অনেকেই চলে গেছেন। কিন্তু কিছু নাম ছাপিয়ে যায় সময়কে। তেমনই একজন লিওনেল মেসি। ২৪ জুন, ৩৯ বছরে পা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার এবারের জন্মদিনটা যেন শুধুই জন্মদিন ছিল না, বরং ছিল একজন কিংবদন্তির প্রতি সতীর্থদের ভালোবাসার উৎসব।

চলছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থিত বিশ্বকাপ ক্যাম্পে সতীর্থদের সঙ্গে হাসি-আনন্দে কেটেছে মেসির ৩৯তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে দলের ড্রেসিংরুমে ছিল উৎসবের আবহ। সতীর্থরা সকলেই পরেছিলেন বিশেষ টি-শার্ট। যেখানে সামনের অংশে ছিল মেসির সঙ্গে নিজের প্রিয় ছবি। আর পেছনে ছিল বিশেষ বার্তা। যে বার্তায় ফুটে উঠেছে মেসির প্রতি তাদের আবেগ, ভালোবাসা ও সম্মান।

আরও পড়ুন:

সতীর্থরা ছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ছিলেন মেসির জন্মদিনের উৎসবে। সকলে মিলে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন। অবশ্য জন্মদিনের সুযোগে অনুশীলনে ফাঁকি দেননি মেসি। কোচ স্কালোনির অধীনে পূর্ণ সময় অনুশীলন করেছেন। নিজেকে করেছেন প্রস্তুত।

৩৯ বছরে দাঁড়িয়েও মেসি যেন সময়কে হার মানাচ্ছেন। চলতি বিশ্বকাপে মাত্র দুই ম্যাচেই করেছেন পাঁচ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। গড়েছেন আরও বেশ কিছু রেকর্ড।

একসময় যাকে বলা হতো প্রতিভাবান কিশোর, আজ তিনি ফুটবল ইতিহাসের এক অমর অধ্যায়। রোজারিওর সেই ছোট্ট ছেলেটি বিশ্বকাপ ছাড়াও জিতেছেন কোপা আমেরিকা, ব্যালন ডি’অরসহ সম্ভাব্য সকল শিরোপা। আর সবচেয়ে বড় যেটি জয় করেছেন- কোটি মানুষের হৃদয়। মেসির গ্রেটনেস তো এখানেই।

এফএস