মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। এতে উপস্থিত হয়ে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বলেছেন, ব্যক্তিগত মতভেদ ভুলে ক্রিকেটের স্বার্থে সবাইকে ভালো সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘রাইট ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, প্লেয়ার্স, জার্নালিস্ট—যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন সবার সঙ্গে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় ফারুক আহমেদ আরও জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী শুধু ক্রিকেট নয়, সব ফেডারেশনের সঙ্গে একযোগে কাজ করতে চান। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ে তুলতে মাঠের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
ফারুক আহমেদ বলেন, ‘শুধু বিরাট স্টেডিয়াম দরকার নেই, মাঠ দরকার। যারা আমরা বোর্ড সংশ্লিষ্ট আছি, তাদের মনে হয় যে, একটা ভালো উইকেট, একটা ড্রেসিং রুম, একটা সুন্দর মাঠ আর কিছু প্র্যাক্টিস ফ্যাসিলিটিজ যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো করা যায়, ততই আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব খেলোয়াড় আছে, যারা তাদের ট্যালেন্ট দেখাতে পারেনি, তারা ওখান থেকে ধীরে ধীরে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে।’
এদিকে সাকিব আল হাসানের ফেরার বিষয়েও উঠে আসে সর্বশেষ খবর। দেশের হয়ে কবে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়, তবে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
বিসিবি সহসভাপতি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার মামলার যে কাগজপত্র সেটা জায়গামতো দেয়া আছে, এখন ওটা সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা করা দরকার তা করে ফেলেছি আমরা।’
সব মিলিয়ে বর্তমান ক্রিকেট সংশ্লিষ্টরা একটাই বার্তা বহন করছে— ঐক্য থাকলে এগোবে বাংলাদেশ ক্রিকেট।





