সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

হজ শেষে দেশে ফিরেছেন হজযাত্রীরা
হজ শেষে দেশে ফিরেছেন হজযাত্রীরা | ছবি: সংগৃহীত
0

৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে এখন পর্যন্ত ৩৫ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টার মধ্যে ৮৭টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। তাদের মধ্যে ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ মোট ৬৬০টি সংস্থা বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনা করছে।’

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী এসেছেন।

পরিচালক আরও জানান, বাকি হজযাত্রীরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে আসবেন বলে আশা করা হচ্ছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টিসহ মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।—বাসস

এএইচ