Recent event

আজ বাদ জুম্মা বিশেষ দোয়া আদায়ে তারেক রহমানের নির্দেশ

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও নির্দেশনায় কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার জন্যও বলা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।

এদিকে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪৪টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৬৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। সবমিলিয়ে এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, যা নির্বাচনকে করেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বৈচিত্র্যময়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

দলভিত্তিক আসনের অবস্থান (বেসরকারি ফলাফল: ২৪৪টি)
রাজনৈতিক দল / জোট জয়ী আসন সংখ্যা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোট ১৬৮
বাংলাদেশ জামায়াতে ইসলামী (১১ দলীয় জোট) ৬০
অন্যান্য দল ও স্বতন্ত্র ০৭
মোট ঘোষিত ফলাফল ২৪৪ / ২৯৯

নির্বাচনী পরিসংখ্যান ২০২৬
মোট কেন্দ্র অংশগ্রহণকারী দল মোট প্রার্থী নারী প্রার্থী
৪২,৭৭৯ টি ৫০ টি ২,০২৯ জন ৮০ জন

এএইচ