পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়িয়েছে

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগৃহীত
0

কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা পিএইচপিতে ত্রুটি শনাক্তের পর ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়িয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) ক্লাউডফ্লেয়ারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্লাউডফ্লেয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সার্ভারে ওয়েবসাইটের কনটেন্ট সংরক্ষণ করে।

হ্যাকিংয়ের চেষ্টা হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি কোম্পানি আছে। রয়টার্স জানিয়েছে, জাপান থেকে ফিনল্যান্ড পর্যন্ত ব্যাংকিং, বিমান, রেল, কর ও সরকারি সেবা জরুরি ভিত্তিতে বন্ধ করে দেয়া হয়েছে।

জার্মানির ডিজিটাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিটকমের নিরাপত্তাপ্রধান ফেলিক্স কুলেনক্যাম্প বলেন, ‘কোনো ওয়েবসাইট যদি পিএইচপির পুরোনো সংস্করণে চলে, তাহলে পুরো সিস্টেমই হালনাগাদ করতে হবে।’

সংকটের ব্যাপ্তি বোঝাতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, ‘তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু আগে দেখেননি।’ জার্মানিতে এক অনুষ্ঠানে নাদেলা বলেন, ‘এ ঘটনা দেখিয়েছে যে সিস্টেম যতই জটিল হোক না কেন তা নিরাপদভাবে রক্ষণাবেক্ষণের সফটওয়্যার তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ।’

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় পিএইচপি সহায়তা করে। কিন্তু বুধবার এতে থাকা নিরাপত্তা-সংক্রান্ত একটি ত্রুটি শনাক্ত হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা গবেষকরা ওপেনএআইয়ের তৈরি এআই টুল দিয়ে ওই ত্রুটি বা দুর্বলতা শনাক্ত করেন।

এ খবর ছড়িয়ে পরার পর ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়। পিএইচপিও তাদের পক্ষ থেকে ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘প্যাচ’ আপডেটের পরামর্শ দিয়েছে। প্যাচ বলতে নিরাপত্তা ঝুঁকি ঠিক করতে ছোট সফটওয়্যার আপডেটকে বোঝায়।

ক্লাউড সেবা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী, কোম্পানি ও সরকারগুলো নিরাপত্তা প্যাচ প্রয়োগের মধ্যেই হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখে পৌঁছায়। এক্সে দেয়া পোস্টে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স বলেছেন, ত্রুটির খবর ঘোষণার আগের ১০ ঘণ্টায় তাদের নেটওয়ার্কজুড়ে এমন চেষ্টার সংখ্যা ছিল কয়েক হাজার। কিন্তু খবর প্রকাশের পর প্রথম ৪৫ মিনিটে তা বাড়তে থাকে। দুই ঘণ্টায় কয়েক লাখ ছাড়ায়।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স রয়টার্সকে বলেন, ‘নিরাপত্তা ত্রুটি মোকাবিলার ব্যবস্থা প্রস্তুত হওয়ার আগেই সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে সাইবার হামলার খবর পাওয়া যাচ্ছে।’

লরেন্স আরও বলেন, ‘হামলাকারীরা এআই ব্যবহার করে এসব ত্রুটির সুযোগ নিতে পারে। তাদের মোকাবিলায় কোম্পানিগুলো দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করছে। এখান মূলত নিরাপত্তা নিশ্চিত করা ও হামলা চেষ্টার মধ্যে প্রতিযোগিতা চলছে।’

জার্মানির কুলেনক্যাম্প বলেন, ‘অনেক বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে সফটওয়্যার হালনাগাদ করেছে। তবে জটিল আইটি সিস্টেম ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং ছোট সংগঠনগুলোর ক্ষেত্রে এ কাজ করতে আরও সময় লাগতে পারে। কারণ তারা পিএইচপি ব্যবহার করে ওয়েবসাইট চালালেও সেটির দিকে খুব একটা নজর রাখে না।’

এসএইচ