Recent event

মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান ঠেকাতে ঐক্যের আহ্বান ছাত্রদল সম্পাদক নাছিরের

অনুষ্ঠানে নাছির উদ্দীন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতারা
অনুষ্ঠানে নাছির উদ্দীন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতারা | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, ‘যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’

তিনি দাবি করেন, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি বিভিন্নভাবে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। তিনি বলেন, ‘এ বাস্তবতা সামনে রেখে আমাদের সংগঠনকে আরও প্রস্তুত হতে হবে।’

আরও পড়ুন:

ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।’

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পরও সারা দেশে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নাছির অভিযোগ করেন, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসময় ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

এসএইচ