জানুয়ারিতে মানসম্মত নতুন বই; প্রাথমিকে দেয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।’

আজ (শনিবার, ৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

শিক্ষামন্ত্রী বলেন, ‘নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বই বিতরণের পরও কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

এসএইচ