মিরপুরে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩

মিরপুর সরকারি আবাসন
মিরপুর সরকারি আবাসন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

আজ (শুক্রবার, ২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের এক নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)।

তাদের মধ্যে নাইস আহদের দু’টি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক।

আরও পড়ুন:

ভবনটিতে বসবাসরতরা জানান, ফজরের নামাজের পর ভবনের পাঁচ তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে।

শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল অভিযোগ করে বলেন, ‘লিফটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকে। যা সামান্য মেরামত করে সচল করে চালানো হচ্ছে। এটি যে জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তা এই দুর্ঘটনাই প্রমাণ করলো।’

এদিকে দুর্ঘটনা স্থল ঘুরে দেখতে আসেন পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী।

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এসএস