দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার।
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানী ভাতা প্রদান করবেন।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।





