ভারতে থাকা দণ্ডপ্রাপ্তরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন

দীনেশ ত্রিবেদী ও মাহদী আমিন
দীনেশ ত্রিবেদী ও মাহদী আমিন | ছবি: সংগৃহীত
0

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে।

আরও পড়ুন:

এসময় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনার কথা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে একমত হন তারা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধানের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়।

এসএস