অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে অফিস আদেশে তানভীর আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে, সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন:
গত শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
মিছিলের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটকের তথ্যও দিয়েছিল পুলিশ। একই দিন মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। এতে ১১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার পর্যন্ত ওই মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।





