আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের গলায় শক্তি বেশি: জি কে গউস

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভা
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভা | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, আমরা দিনের ভোটে নির্বাচিত। আমরা রাতে ভোটে নির্বাচিত না কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

জি কে গউস বলেন, ‘আগে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিলো তাদের গলায় শক্তি ছিলো না। তারা বেশি গলাবাজি করলে এসপিরা বলতো এত লাফান কেন। পুলিশ আগের রাতেই ভোট দিয়ে দিসে। এটাই সত্য। আর বর্তমান সময় ডিসি এসপি বলতে পারবে না যে দুইটা ভোটও কাউকে দিসে।’

তিনি বলেন, ‘সেটা বাংলাদেশের কোনো অফিসার বলতে পারবে না। কারণ যে ভোটগ্রহণ হয়েছে সেটা শান্তিপূর্ণ হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ধানের শীষ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং আমরা আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো। ছাত্রজীবনে কে কোন দল করেছেন সেটা বিবেচনা করলে কাজ কেমনে করবো। সুতরাং আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই।’

আরও পড়ুন:

হুইপ বলেন, ‘এসপি মহোদয়ের মাধ্যমে ওসিদের বলতে চাই, গায়েবি মামলা, ভূতুরে মামলা, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না, বিএনপি যেগুলো ফেইস করেছে এগুলো যাতে এখন না হয় এটা মাথায় রাখবেন। তবে কোনো আসামি যেন বুক ফুলিয়ে হাটতে না পারে সেই দিকেও নজর রাখবেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল , সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এসএস