নবায়নযোগ্য জ্বালানিতে নতুন উদ্যোক্তা তৈরিতে দেশজুড়ে সেবা নেটওয়ার্ক গড়ছে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার সম্প্রসারণে সারা দেশে নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপন, কারিগরি সহায়তা, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হবে। এ লক্ষ্যে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) একযোগে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি গ্রাহকদের জন্য বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, বিক্রয়োত্তর সেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা দেয়ার সুযোগ থাকবে।

সরকারের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অভিজ্ঞ জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সুযোগও তৈরি হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদন করার সুযোগ থাকবে। এতে নতুন ও স্থানীয় উদ্যোক্তারা অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাবেন।

উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো রুফটপ সোলার খাতকে শুধু বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া। এর ফলে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরি হওয়ার পাশাপাশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতাও তৈরি হবে বলে আশা করছে সরকার।

রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য প্রারম্ভিক অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ করছে সরকার। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ ও অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপর।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, এ লক্ষ্য অর্জনে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। সরকারের প্রত্যাশা, নতুন এ উদ্যোগের মাধ্যমে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

পঞ্চগড় থেকে পটুয়াখালী, কুড়িগ্রাম থেকে কক্সবাজার—দেশের সব অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির ক্রমবর্ধমান বাজারে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

জেআর