৬ মাসেই মন্ত্রিসভায় রদবদল, নতুন দায়িত্বে চ্যালেঞ্জের কথা জানালেন মন্ত্রীরা

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক | ছবি: সংগৃহীত
0

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় পূর্ণবিন্যাস ও রদবদল করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। গত শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ (রোববার, ২৩ আগস্ট) প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।

নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সেবার মান বাড়াতে কাজ করবেন তারা। যাত্রীদের হয়রানি কমিয়ে বিমানবন্দরকেন্দ্রিক সেবাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তথ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া আন্দালিভ রহমান পার্থ বলেন, দীর্ঘ ১৭ বছর গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। জুলাইয়ের আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সাংবিধানিক নিয়ম মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিগত আমলে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধসহ নানা কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

সরকারের প্রতিটি কাজে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রথম কর্মদিবসেই বিভিন্ন অগ্রাধিকার ও চ্যালেঞ্জের কথা সামনে এসেছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের জন্য বড় পরীক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ