রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে মন্ত্রী-এমপি-কূটনীতিকদের আগমন

অতিথিরা যাচ্ছেন বঙ্গবভনে
অতিথিরা যাচ্ছেন বঙ্গবভনে | ছবি: সংগৃহীত
0

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।

আজ (শুক্রবার, ২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধান। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠান পরিচালনা করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করে বঙ্গভবনে প্রবেশ করতে দেয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ৩৪৯ জন সংসদ সদস্য থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন ভোট দিতে পারেননি বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। পরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এএম