আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত ফলাফলে মোট ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট দেননি ছয়জন সংসদ সদস্য।
আরও পড়ুন:
ফলাফল ঘোষণার পরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে তাকে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে দেখা যায়।
পরে একে একে সরকারি ও বিরোধীদলের বিভিন্ন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এসময় সংসদ ভবনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন নিয়ে কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।





