স্বাস্থ্যের ওপর একা দায়িত্ব চাপিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: মন্ত্রী সাখাওয়াত

সম্মেলনে কথা বলছেন মন্ত্রী সাখাওয়াত
সম্মেলনে কথা বলছেন মন্ত্রী সাখাওয়াত | ছবি : সংগৃহীত
0

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর একা দায়িত্ব চাপিয়ে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব নয়। পানি, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। প্রতি দুই মাসে একবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বসে যৌথভাবে তা বাস্তবায়ন করলেই কেবল কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।’

পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা সম্পর্কিত জাতীয় সম্মেলনে কথা বলছিলেন তিনি।

তার ভাষ্য, ‘শিক্ষা, আইনশৃঙ্খলা ও জেন্ডার বৈষম্য কমানোর পাশাপাশি এসডিজি গোল-৩ অর্জনের জন্য স্বাস্থ্য খাতের সঙ্গে পানি, শিক্ষা ও সমাজকল্যাণের মতো খাতগুলো এক করতে হবে। শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি গোল অর্জন সম্ভব নয়; এর মূল ভিত্তি হতে হবে রোগ প্রতিরোধ, যার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জোর দিচ্ছেন।’

গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বললেন, ‘বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ও রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। বাজারঘাট বা সব জায়গায় ময়লা হাত দিয়ে ধরার পর সেই হাত ও টাকা দিয়েই আবার লেনদেন হচ্ছে— আমাদের এই অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তন করতে হবে।’

আরও পড়ুন:

উপকূলীয় এলাকার পানি সংকটের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার কারণে মানুষ হলুদ পানি পান করতে বাধ্য হচ্ছে। ‘গত মাসে প্যারিস কনফারেন্সে আমি বিষয়টি তুলে ধরেছি, যেখানে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে। পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল স্ক্রিন আসক্তি এবং জাঙ্ক ফুড বা ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে অভিভাবকদের সচেতন হতে হবে।’

তিনি বাল্যবিয়ে রোধ, মায়েদের সচেতনতা, বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং শাকসবজি ও পুষ্টির ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি এবং গেস্ট অব অনার ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ। এছাড়া স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এফএস