‘র’ কর্মকর্তার ঢাকা সফর ‘স্বাভাবিক এনগেজমেন্ট’: ডা. জাহেদ

ডা. জাহেদ ও ‘র’- প্রধান
ডা. জাহেদ ও ‘র’- প্রধান | ছবি : সংগৃহীত
1

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘র প্রধানের বাংলাদেশ সফর গোপন কিছু নয়। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা তৈরি করা হচ্ছে।’

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা জানান, ওই কর্মকর্তা চীন থেকে ঢাকা এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাউন্টারপার্টদের মধ্যে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অতীতে ভারত সফর করেছেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আগে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করে থাকুক, সেই ধরনের অ্যাটিটিউড এখন আর হতে পারবে না।’

ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশে এখন জনগণের নির্বাচিত সরকার রয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনও দেশের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ এই সরকারের নেই।’

শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে বলে জানান জাহেদ উর রহমান।

এফএস