রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

কর্নেল (অব.) অলি আহমদ
কর্নেল (অব.) অলি আহমদ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদকে।

আজ (রোববার, ৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের বাসায় জোটের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ছাড়াও পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে জন্ম নেয়া অলি আহমদ ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিলো চট্টগ্রামের ষোলশহরে। তিনি ২৫ মার্চ মধ্যরাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে পুনরায় সংগঠিত হওয়ার পর নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন তিনি।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে উন্নীত হয়ে অবসর নেন এবং এরপর রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (বাংলাদেশ) প্রেসিডেন্ট।

ইএ