জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়। পরে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
মাদারীপুর জেলার বাসিন্দা মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে তিনি ১৭ বছরেরও বেশি সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করে আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে বোয়েসেলের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, সরকারের নীতি ও অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের ওপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বোয়েসেলকে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে তার অন্যতম লক্ষ্য।
তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ সময় বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।





