সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
1

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।

আজ (শনিবার, ২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে শনিবার পরামর্শসভার আয়োজন করে মানবাধিকার সংস্থা অধিকার। এ সভায় অংশ নেন মানবাধিকারকর্মী, আইনজীবী, বিচার সংশ্লিষ্ট ব্যক্তি ও সরকারি প্রতিনিধিরা।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘গত কয়েক মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে। একই সঙ্গে গুমের ঘটনাতেও সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এসময় তিনি জানান, আগামি কেবিনেট মিটিংয়েই মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগগুলো আইনগতভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক সময়সীমা ৯০ দিন পর্যন্ত থাকায় এ মুহূর্তে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই।’

তিনি আরও জানান, রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের যেসব অভিযোগ নতুন করে সামনে এসেছে, সেগুলোর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তাও তদন্ত ও যাচাই-বাছাই করা হবে।

এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান আইনমন্ত্রী।

এসএইচ