সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুরোপুরি রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (রোববার, ১৯ জুলাই) সকালে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন অ্যাকাডেমি মিলনায়তনে চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এ আয়োজনে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এ সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘নীতি বা পলিসি মূলত সরকারের উচ্চপর্যায়ে এবং রাজনৈতিক ম্যান্ডেটের আলোকে হয়। ব্যুরোক্রেসির কাজ হলো সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প প্রণয়ন এবং তদারকির মাধ্যমে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা।’

দেশে সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, ‘বিগত রেজিমের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন কিংবা পার ক্যাপিটা ইনকাম (মাথাপিছু আয়)—সবখানেই ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা সংস্থায় রূপান্তরিত করা দরকার।’

এফএস