নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করতে সব ট্যাক্স তুলে দেয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করতে এবং সাধারণ মানুষকে এটি ব্যবহারে উৎসাহিত করতে সরকার একটি বিশেষ বিনিয়োগ-বান্ধব নীতিমালা তৈরি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের ট্যাক্স তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে যারা এ খাতে কাজ করবেন, তাদের জন্য ‘ট্যাক্স হলিডে’ বা কর অবকাশের সুবিধাও দেয়া হবে।

আজ (শুক্রবার, ১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’র আওতায় ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ রুফটপ সোলার প্রকল্প থেকে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি মূল গ্রিডে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ওপর থেকেও চাপ অনেকাংশে কমে আসবে।’

তিনি জানান, ভবিষ্যতে পুরো সিরাজগঞ্জ জেলাকে সোলার সিস্টেমের আওতায় আনা হবে। জেলার সব সরকারি অফিস ও পৌরসভার প্রতিটি বাড়ির ছাদে সোলার বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

এছাড়া চরাঞ্চলের খালি জায়গাসহ সুবিধাজনক স্থানে রুফটপ ও বেস সোলার উভয় ধরনের প্রকল্পই সমান্তরালভাবে বাস্তবায়ন করা হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর