নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসার মাস তিনের মধ্যেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেও বিএনপি ও তার জোটসঙ্গীরা আন্দোলনের হুমকিকে দেখছে রাজনীতির অপ্রত্যাশিত ঘটনা হিসেবে।
জুলাই সনদ ও গণভোট নিয়ে সংসদের বাইরে জামায়াত নেতৃত্বাধীন জোটের আন্দোলনের হুঁশিয়ারির বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন জোট কিছুটা কৌশলী ভূমিকায়।
তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বলছেন, বিরোধীদল গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করার কথা জানান যুবদলের শীর্ষ এ নেতা।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘রাজনীতিকে রাজনীতির ভাষায় আমরা মোকাবিলা করবো। এটা সময়ই বলে দিবে যে, আমাদের কর্মকাণ্ড কীভাবে আমরা পরিচালনা করবো। দায়িত্বের জায়গা থেকে আমরা সংঘাতকে পরিহার করবো, সংঘাতে না যাওয়ারই তো চেষ্টা করব এবং করছি। এরই মধ্যে আপনারা দেখেছেন যে, আমাদের দলীয় প্রধানকেও নিয়েও তারা অনেকে অনেক অশালীন কথা বলছে যেটা কাম্য নয়, মোটেই কাম্য নয়। কিন্তু আমরা এটির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাইনি বা আমরা কোনো সংঘাতে যাইনি।’
আরও পড়ুন:
জোটের শরিক গণঅধিকার পরিষদ মনে করছে, যথাযথ ইস্যু ছাড়া বিরোধীদল রাজপথে নামলে বিদ্যমান সবগুলো রাজনৈতিক দলই ক্ষতিগ্রস্ত হবে।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘সরকার পতন হোক, সরকার পতন ঘটিয়ে ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করা—একরকম খাহেশ যদি কারো মধ্যে থাকে, এটা আসলে কারো জন্যই ভালো হবে না, শুভকর হবে না। না আমাদের জন্য, না তাদের জন্য, না দেশের জনগণের জন্য। সবার জন্যই এখন এটা মারাত্মক একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে।’
জামায়াত জোটের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই বলে দাবি বিএনপির। দলটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলছেন, এখনই রাজপথে মুখোমুখি অবস্থানের কথা ভাবছে না তার দল। তবে অযৌক্তিক দাবির নামে কেউ দুর্ভোগ সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে মোকাবিলার কথাও জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘কর্মসূচি দিলেই তো হয় না, কর্মসূচির প্রতি জনগণের সমর্থন থাকতে হবে। জনগণের সমর্থন ছাড়া কোনো কর্মসূচি, কোনো আন্দোলন আপনার সফলতা পায় না। এখন তারা যে বিরোধী দল যে কর্মসূচি দিচ্ছে এটা তাদের নেতা-কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য তারা এ কর্মসূচিগুলো দিচ্ছে। বিএনপি সব সময় রাজনৈতিকভাবেই এগুলো মোকাবিলা করবে বা করছে এবং সেটা আপনারা দেখেছেন সংসদে এগুলোর জবাব দেয়া হয়েছে। সংসদের বাইরেও আমরা কর্মকাণ্ড আমরা করছি। আমরা এটাকে রাজপথে মোকাবিলা করার কথা কিন্তু আমরা এখনো বলছি না।’
জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জামায়াত জোটের আন্দোলন ইস্যুকে আপাতদৃষ্টিতে গুরুত্ব না দিলেও যেকোনো পরিস্থিতি জন্য বিএনপি সজাগ থাকবে বলে বলছেন দলটির নেতারা।




