আজ (শুক্রবার, ৮ মে) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শাংহাই ইন্সস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস-ঢাবি)।
উদ্বোধনী অধিবেশনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।’
এসআইআইএসের প্রেসিডেন্ট ছেন তোংসিয়াং তার বক্তব্যে বলেন, ‘দুই দেশের সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।’
আরও পড়ুন:
তিনি উল্লেখ করেন, উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এমন উন্নয়ন প্রয়োজন, যা নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং নিরাপত্তা ব্যবস্থাও উন্নয়নকে সহায়তা করবে।
তিনি জানান, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল গভর্ন্যান্স, নগর উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাপনা, নদী শাসন, কৃষির আধুনিকায়ন, সামুদ্রিক অর্থনীতি এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনসহ বিভিন্ন বিষয়ে আরও যৌথ গোলটেবিল আয়োজন করা হবে।
দিনব্যাপী সেমিনারে তিনটি গুরুত্বপূর্ণ সেশনে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে— বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার অর্থনৈতিক প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্লোবাল সাউথের প্রযুক্তিগত সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা ও নগর পরিবহনে চীনের অভিজ্ঞতার প্রয়োগ।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং চীনের থোংচিও ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। বিকেল সাড়ে ৪টায় সমাপনী অধিবেশনের মাধ্যমে এই গোলটেবিল বৈঠকের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।





