নিম্নআয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ: গৃহায়নমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের | ছবি: সংগৃহীত
0

দেশের নিম্নআয়ের মানুষের আবাসন সংকট নিরসনে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশারফ হোসেনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন নগর ও শহরে আবাসন সুবিধা সম্প্রসারণ করা হবে।’

তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এ নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে কড়াইল বস্তিসহ মোট ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া গাজীপুর জেলার টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য পর্যায়ক্রমে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন:

মন্ত্রী আরও জানান, উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায়- যেমন রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে মোট ৩৭টি বস্তিতে বসবাসকারী নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।

স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুন:

চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় উদ্ধারকৃত প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্পআয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে স্ব-অর্থায়ন বা পিপিপি ভিত্তিক প্রকল্প গ্রহণের প্রস্তাবনা বিবেচনাধীন রয়েছে।

মন্ত্রী বলেন, ‘এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নগর ও শহরাঞ্চলে নিম্নআয়ের মানুষের আবাসন সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং তাদের জীবনমান উন্নত হবে।’

সরকারের এই সমন্বিত আবাসন পরিকল্পনা দেশের টেকসই নগর উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।—বাসস

এসএস