শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে জর্জিয়ার বিশেষ সম্মাননা

সেনাপ্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে
সেনাপ্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে | ছবি: আইএসপিআর
0

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রিয়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এ সম্মাননা তুলে দেন।

আইএসপিআর জানায়, জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এ রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এ রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রিয়ান পি. কেম্পের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

জানানো হয়, দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এসময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ তারিখে সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গমন করেছেন।

এসএইচ