ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ সরকারের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ দিয়ে ট্রাভেল এজেন্সি চালানো সম্পূর্ণ অবৈধ।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়, সময়মতো নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছে, তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) নবায়নের আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নিবন্ধন সনদ সংগ্রহ বা নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ