গত বুধবার (২৫ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, আশপাশে জমে থাকা বৃষ্টির পানি ও যত্রতত্র ফেলে রাখা আবর্জনার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে।
আরও বলা হয়, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে দীর্ঘ সময় ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
একই সঙ্গে মৌসুমি বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। তাই সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরুর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।





