দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের অবস্থান শনাক্ত; ৯ জনকে জীবিত উদ্ধার

দৌলতদিয়া ঘাটে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার দৃশ্য
দৌলতদিয়া ঘাটে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার দৃশ্য | ছবি: এখন টিভি
1

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটির অবস্থান শনাক্ত করা গেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বাস নদীতে ডোবার পরপরই সেখান থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে বাসটি তলিয়ে যায়।

আরও পড়ুন:

এতে গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ার আগে ওই বাস থেকে পাঁচ থেকে সাতজন যাত্রী বের হতে পেরেছিল। তবে বেশিরভাগ যাত্রী বাসের ভেতরে ছিল।

ফায়ার সার্ভিস পানির নিচে বাস শনাক্ত করতে পেরেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে তোলার চেষ্টা করছে।

এসএস