ঈদের পর প্রথম কার্যদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭.৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি।

দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আরও পড়ুন:

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭.৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এ দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।’

এএইচ