সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব গৃহীত; খালেদা জিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ

জাতীয় সংসদের প্রথম অধিবেশন
জাতীয় সংসদের প্রথম অধিবেশন | ছবি: বিটিভি
1

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তি, বিশিষ্ট নাগরিক, বিদেশি ব্যক্তিত্ব এবং প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে একাধিক শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

সংসদে জানানো হয়, ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৭ বছরে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন। গুম, মানবতাবিরোধী অপরাধ, ক্রসফায়ার ও রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরুসহ আরও অনেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহরিয়ার খান আনাস, মেহেদী হাসান জুনায়েদ, ফারহান ফাইয়াজসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়।

আরও পড়ুন:

সংসদ সচিবালয়ের কর্মীদের স্মরণ

শোকপ্রস্তাবে জাতীয় সংসদ সচিবালয়ের প্রয়াত চার কর্মকর্তাকেও স্মরণ করা হয়। তারা হলেন— নুসরাত শারমিন মৌরি (সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট),

মোহাম্মদ হাছান (উপপরিচালক, রিপোর্টিং), মাহফুজা বেগম (সহকারী পরিচালক, জনসংযোগ) এবং মো. আব্দুল লতিফ (অফিস সহায়ক)।

প্রয়াত বিশিষ্ট নাগরিকদের প্রতি শ্রদ্ধা

সংসদে আরও যেসব বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়, তারা হলেন—গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, সংগীতশিল্পী শাফিন আহমেদ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ অধ্যাপক আবু জাফর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, অভিনেতা প্রবীর মিত্র, অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ, আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ভাস্কর হামিদুজ্জামান খান, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, পরমাণুবিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী, শিক্ষাবিদ যতীন সরকার, লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন, ভাষা সৈনিক ও গবেষক আহমদ রফিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সমাজসেবী কানিজ ফাতেমা, হরুন নাহার রশিদ, একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু এবং সাংবাদিক মার্ক টালি।

আরও পড়ুন:

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ

২০২৩ সালের ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরী (মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত) এবং নিহত শিশুদেরও সংসদে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে সংসদের শোক

শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়। তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং দুইবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন।

আরও পড়ুন:

আন্তর্জাতিক ব্যক্তিত্বদের প্রতি শোক

এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়।

৩১ সাবেক সংসদ সদস্যকে স্মরণ

অধিবেশনে সাবেক রাষ্ট্রপতিসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। তাদের মধ্যে রয়েছেন—ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ফরহাদ আহমেদ চৌধুরী, শহীদুল্লাহ শহীদ, মো. নাদিম মোস্তফা, অধ্যাপিকা লুৎফুন নেসা হোসেন, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, নজিরা চৌধুরী, শহিদুজ্জামান বেল্টু, রোজী কবির, এস এম আকরাম, এস এ খালেক, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, আব্দুল মোমিন তালুকদার, আবদুল্লাহ আল নোমান, নাজিম উদ্দিন আহমেদ, কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, মোস্তফা মোহসীন মন্টু, মো. আব্দুল মান্নান তালুকদার, ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, হাফেজ রুহুল আমীন মাদানী, বোরহান উদ্দিন, মতিয়ার রহমান তালুকদার, নূর আফরোজ আলী, আব্দুল করিম খন্দকার, সুকুমার রঞ্জন ঘোষ, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, রমেশ চন্দ্র সেন, আব্দুল মান্নান খান, মিয়া আবদুল্লাহ ওয়াজেদ এবং মো. জোহায়েরুল ইসলাম।

আরও পড়ুন:

অধিবেশনে স্পিকার বলেন, ‘উত্থাপিত শোকপ্রস্তাবের বাইরে যদি কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকে, তবে তাদের তথ্য সংসদ সচিবালয়ে জমা দিলে তা পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।’

শেষে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এনএইচ